আমানতের পাহাড়, ঋণ বিতরণে খরা: রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক এ পড়ে আছে দেড় লাখ কোটি টাকা

এক বছরে আমানত বেড়েছে ৫১ হাজার ৭০০ কোটি টাকা, বিপরীতে ঋণ বেড়েছে মাত্র ৩ হাজার কোটি টাকা; বিনিয়োগে অনিশ্চয়তা ও দুর্বল ঋণ চাহিদাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

আমানতের পাহাড়, ঋণ বিতরণে খরা: রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক এ পড়ে আছে দেড় লাখ কোটি টাকা

দেশের রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে আমানত উল্লেখযোগ্য হারে বাড়লেও সেই তুলনায় ঋণ বিতরণে তেমন অগ্রগতি নেই। এক বছরে ব্যাংক গুলোর আমানত বেড়েছে প্রায় ৫১ হাজার ৭০০ কোটি টাকা। অথচ একই সময়ে ঋণের পরিমাণ বেড়েছে মাত্র ৩ হাজার কোটি টাকা। ফলে এসব ব্যাংকে প্রায় ১ লাখ ৪৫ হাজার কোটি টাকার ঋণ দেওয়ার সক্ষমতা অব্যবহৃত পড়ে রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত এক বছরে ছয় ব্যাংকের আমানত প্রায় ১১ শতাংশ বাড়লেও ঋণ প্রবৃদ্ধি ১ শতাংশের নিচে রয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো হলো—সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বর শেষে ছয় ব্যাংকের মোট বিতরণ করা ঋণের স্থিতি ছিল ৩ লাখ ২৮ হাজার ৮০৬ কোটি টাকা। চলতি বছরের জুনে তা কমে দাঁড়ায় প্রায় ৩ লাখ ২২ হাজার ৭০০ কোটি টাকায়। অর্থাৎ মাত্র ছয় মাসের ব্যবধানে ঋণের স্থিতি কমেছে প্রায় ১ দশমিক ৮৫ শতাংশ।

এফআইডির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বকেয়া ঋণের বিপরীতে অর্জিত সুদের হিসাব বাদ দিলে প্রকৃত ঋণ প্রবৃদ্ধির চিত্র আরও দুর্বল হতে পারে।

ঋণ-আমানত অনুপাতেও পিছিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রচলিত ধারার একটি ব্যাংক তার মোট আমানতের সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে। অর্থাৎ প্রতি ১০০ টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৮৫ টাকা ঋণ বিতরণের সুযোগ রয়েছে।

কিন্তু রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের সম্মিলিত ঋণ-আমানত অনুপাত (এলডিআর) প্রায় ৬০ শতাংশ। অর্থাৎ আমানতের তুলনায় ঋণ বিতরণের পরিমাণ অনেক কম।

ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে কম ঋণ-আমানত অনুপাত সোনালী ব্যাংকের, ৪৮ শতাংশ। অন্যদিকে জনতা ব্যাংকের এ হার সর্বোচ্চ ৮১ শতাংশ। গত ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ছয়টি ব্যাংকেরই ঋণ-আমানত অনুপাত কমেছে।

বিনিয়োগে অনিশ্চয়তায় কমছে ঋণের চাহিদা

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার বলেন, বড় ঋণগ্রহীতাদের পরিবর্তে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষি খাত, নতুন ব্যবসায়ী এবং নারী উদ্যোক্তাদের অর্থায়নে অগ্রাধিকার দিচ্ছে ব্যাংকটি।

তার মতে, বিনিয়োগে ধীরগতি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং উচ্চ সুদহার ঋণ বিতরণে প্রতিবন্ধকতা তৈরি করছে। পাশাপাশি ঋণ অবলোপনের কারণেও ব্যাংকের ঋণসংক্রান্ত পরিসংখ্যানে প্রভাব পড়ছে।

তিনি বলেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে জবাবদিহির বিষয়টি নিয়ে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। ফলে অনেক ক্ষেত্রে ঋণ অনুমোদনের সিদ্ধান্ত নিতে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এ ছাড়া গ্যাস ও বিদ্যুতের সরবরাহ এবং মূল্য নিয়ে অনিশ্চয়তা ব্যবসায়ীদের নতুন বিনিয়োগে নিরুৎসাহিত করছে। শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমে যাওয়াও ঋণের চাহিদা হ্রাসের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

বড় ব্যবসায়ীদের পছন্দ বেসরকারি ব্যাংক

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং সাধারণ মানুষের আস্থার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলোতে উল্লেখযোগ্য পরিমাণ আমানত জমা হয়।

তবে বড় ব্যবসায়ীরা দ্রুত সেবা এবং অধিক নমনীয়তার কারণে অনেক ক্ষেত্রে বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিতে বেশি আগ্রহী।

তার মতে, প্রতিযোগিতায় টিকে থাকতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলোর সেবার মান ও কার্যদক্ষতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি ঋণসেবা সম্প্রসারণ এবং প্রচলিত ব্যবসায়িক কৌশলেও পরিবর্তন আনতে হবে।

উৎপাদনমুখী খাতে ঋণ বাড়ানোর নির্দেশ

ঋণ বিতরণের ধীরগতির মধ্যে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ঋণ কার্যক্রম সম্প্রসারণের নির্দেশ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সম্প্রতি এক বৈঠকে বিভাগের সচিব নাজমা মোবারক ব্যাংক গুলোকে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই), কৃষক, নারী উদ্যোক্তা এবং নতুন ব্যবসায়ীদের জন্য ঋণ বাড়ানোর নির্দেশ দেন।

তবে ঋণ বিতরণের ক্ষেত্রে মান বজায় রাখা এবং উৎপাদনশীল খাতকে অগ্রাধিকার দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এফআইডির প্রতিবেদনে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে সিএমএসএমই খাতের ঋণও বাড়েনি। বরং গত ডিসেম্বরের তুলনায় জুনে এ খাতে ঋণের পরিমাণ ২ শতাংশ কমে প্রায় ৫৬ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে ছয় ব্যাংক সম্মিলিতভাবে কৃষি খাতে প্রায় ৪ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এটি জাতীয় কৃষিঋণ বিতরণ লক্ষ্যমাত্রার প্রায় ১০ শতাংশ।

সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো আমানত সংগ্রহের পাশাপাশি সেই অর্থ উৎপাদনশীল খাতে কার্যকরভাবে বিনিয়োগ করা। ঋণ বিতরণে গতি না ফিরলে শিল্প, ব্যবসা, কৃষি ও কর্মসংস্থান সম্প্রসারণে এসব ব্যাংকের সম্ভাবনাও পুরোপুরি কাজে লাগানো কঠিন হবে।


Leave a Comment