মিস ইউনিভার্স ২০২৬ ইতিহাস গড়লেন জেনিফার, প্রথম মা হিসেবে জিতলেন বিশ্বসুন্দরীর মুকুট

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের মঞ্চে নতুন ইতিহাস গড়েছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার বারেটো। ২০২৬ সালের মিস ইউনিভার্সের মুকুট জিতে তিনি প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম মা হিসেবে এই সম্মান অর্জন করেছেন। ২৭ বছর বয়সী এই বিজয়ীর সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানে বারেটোর নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস ডমিনিকান রিপাবলিক এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস ভেনেজুয়েলা। অন্যদিকে, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছেন যথাক্রমে মিস ফিলিপাইন ও মিস নিউজিল্যান্ড।
বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মিস ইউনিভার্স ২০২৬ আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে বারেটোকে অভিনন্দন জানানো হয়। সেখানে তাঁর এই অর্জনকে স্বাগত জানানোর পাশাপাশি পুয়ের্তো রিকোর জন্য নতুন গৌরবের মুহূর্ত হিসেবে তুলে ধরা হয়।
তবে বারেটোর পরিচয় শুধু একজন সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীর মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যক্তিগত জীবন, উচ্চশিক্ষা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সম্পৃক্ততা। তিনি বিবাহিত এবং তাঁর সাত বছর বয়সী মেয়ের নাম পেনেলোপ।
শিক্ষাজীবনে মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক বিষয়ে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন বারেটো। পেশাগত জীবনেও মানুষের কল্যাণে কাজ করছেন তিনি।

হোলা ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, বারেটো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সেনাবাহিনী-সংশ্লিষ্ট একটি বিভাগে প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর কাজের মধ্যে রয়েছে ক্ষতিকর আচরণ প্রতিরোধে কর্মসূচি তৈরি এবং সমাজে সুস্থ ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন।
পেশাগত দায়িত্বের বাইরেও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় তিনি। পুয়ের্তো রিকোর বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নেওয়ার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যসেবা ও সচেতনতা তৈরির কাজেও যুক্ত রয়েছেন।
বিশেষ করে পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা উল্লেখযোগ্য। এই সংগঠনের মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্ত শিশু এবং তাদের পরিবারের পাশে দাঁড়ান তিনি। একই সঙ্গে রোগটি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও ভূমিকা রাখেন।

অবসর সময়ে বই পড়া ও ভলিবল খেলতে পছন্দ করেন বারেটো। ব্যক্তিগত আগ্রহের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের বিষয়টিও তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
বারেটোর কাছে সুন্দরী প্রতিযোগিতা কেবল সৌন্দর্য কিংবা ব্যক্তিগত সাফল্য অর্জনের মঞ্চ নয়। তাঁর দৃষ্টিতে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলো তুলে ধরা, মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া এবং সমাজে পরিবর্তন আনার সুযোগ তৈরি হয়।
মা হওয়ার পাশাপাশি নিজের শিক্ষা, পেশা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে মিস ইউনিভার্স ২০২৬ মুকুট জয় তাঁর অর্জনকে দিয়েছে বিশেষ মাত্রা। তাঁর এই বিজয় আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার ইতিহাসে নতুন একটি অধ্যায় যুক্ত করেছে।























