জননিরাপত্তায় কঠোর অবস্থান, ঢাকাসহ ৭ জেলায় মাঠে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সাতটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০৯ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। সংশ্লিষ্ট এলাকাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং স্পর্শকাতর স্থানে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।
এ ছাড়া বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে মাঠপর্যায়ে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
পরিস্থিতি পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনে সমন্বয় বাড়াতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে কাজ করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।





















