টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ,ভারত সিরিজের শূন্যতা ভরাবে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক
ভারতের বিপক্ষে সেপ্টেম্বরে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার সূচি থাকলেও সিরিজটি স্থগিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় এক মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। তবে সেপ্টেম্বরের শেষ দিকে এশিয়ান গেমস দিয়ে আবার ব্যস্ত হয়ে উঠবে জাতীয় দলের সূচি।
এশিয়ান গেমসের ক্রিকেট শেষ করেই বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজ সহ বাংলাদেশের আমিরাত সফরের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সফরের শুরু হবে ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে। ম্যাচটির ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি।
পাঁচ দিনের নির্ধারিত টেস্টটি পুরো সময় গড়ালে ১৩ অক্টোবর শেষ হবে। এরপর ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৯ অক্টোবর আফগানিস্তান খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ২১ অক্টোবর আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্ব।
লিগ পর্বে প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।
তবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলোর নির্দিষ্ট ভেন্যু ও শুরুর সময় এখনো ঘোষণা করা হয়নি।
এরপর ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা
আমিরাত সফর শেষ করে দেশে ফিরেই অক্টোবরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
এরপর নভেম্বরেই অপেক্ষা করছে আরও ব্যস্ত সূচি। তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল।
দক্ষিণ আফ্রিকা সফরের মধ্য দিয়েই ২০২৬ সালের বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি শেষ হওয়ার কথা রয়েছে।
ভারতের বিপক্ষে স্থগিত সিরিজটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সামনের কয়েক মাসে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা কমছে না। সেপ্টেম্বরের শেষ দিক থেকে বছরের শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে এশিয়ান গেমস, আফগানিস্তান সিরিজ, ত্রিদেশীয় ওয়ানডে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফর—সব মিলিয়ে পূর্ণাঙ্গ সূচিই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।



