কপ-৩১ সম্মেলন
বর্জ্য ব্যবস্থাপনাকে অর্থনৈতিক সম্ভাবনায় রূপ দিতে বৈশ্বিক সহযোগিতা চান জোবাইদা রহমান

বর্জ্যকে সম্পদ, পরিচ্ছন্ন জ্বালানির উৎস ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন ডা. জোবাইদা রহমান। এ লক্ষ্য অর্জনে উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজ শর্তে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের উচ্চপর্যায়ের এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের অংশগ্রহণে আয়োজিত বৈঠকে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি।
জোবাইদা রহমান বলেন, পরিচ্ছন্ন পরিবেশ, জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের অগ্রাধিকারের সঙ্গে গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের লক্ষ্য সামঞ্জস্যপূর্ণ। বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে (থ্রি-আর) সরকার কাজ করছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি জানান, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্ট উৎপাদন, ভাগাড় থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্যপানি শোধনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি চিকিৎসাবর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগও রয়েছে।
ঢাকায় প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাসম্পন্ন একটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে বলে জানান জোবাইদা রহমান। ভবিষ্যতে দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্লাস্টিক দূষণ মোকাবিলায় বিভিন্ন জলাশয় পরিষ্কারের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে সম্মেলনের গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান তিনি।
মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে জোবাইদা রহমান বলেন, গ্লোবাল মিথেন প্লেজের স্বাক্ষরকারী হিসেবে বাংলাদেশ এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য জলবায়ুবান্ধব কৃষি, উন্নত ধান চাষপদ্ধতি এবং জৈব বর্জ্য থেকে সার ও পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে শূন্য বর্জ্যের লক্ষ্য কোনো দেশের একার পক্ষে অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতের অংশগ্রহণ জরুরি বলে উল্লেখ করেন। একই সঙ্গে অপ্রাতিষ্ঠানিক বর্জ্যকর্মীদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষার ওপরও গুরুত্ব দেন তিনি।
পরিবেশ সুরক্ষার উদ্যোগে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে জোবাইদা রহমান বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ থেকেই পরিবেশ সচেতনতার চর্চা শুরু করতে হবে। তরুণেরা শুধু ভবিষ্যতের নেতৃত্ব নয়, বর্তমানের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বর্জ্যকে পরিত্যক্ত বস্তু হিসেবে না দেখে সম্পদ ও জ্বালানির উৎস হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, দূষণ কমিয়ে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বৈশ্বিক সহযোগিতা জোরদার এবং ঘোষিত প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে বাংলাদেশ কাজ করতে প্রস্তুত।























