তারেক রহমান-এরদোয়ান বৈঠক

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমান-এরদোয়ান বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আন্তালিয়া, তুরস্ক। ১০ নভেম্বর ২০২৬ – ছবি: পিএমও

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক পর্যায়ে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। এ সংকটে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অব্যাহত সংহতির জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখায় আঙ্কারাকে ধন্যবাদ জানান।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রতিরক্ষা সহযোগিতাকে আরও বিস্তৃত করার পাশাপাশি এ খাতে যৌথ বিনিয়োগের ওপর গুরুত্ব দেন তারেক রহমান। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা ও যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দনও জানান তিনি।

বৈঠকের শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে তাঁর আগের বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করেন তারেক রহমান। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর তিন দিনের সরকারি সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।


Leave a Comment