দেউলিয়া পথে অনন্ত জলিলের ব্যবসা, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের নোটিশ

দেউলিয়া পথে অনন্ত জলিলের ব্যবসা, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের নোটিশ
চিত্রনায়ক ও শিল্পপতি অনন্ত জলিল। ছবি: সংগৃহীত

ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থতা, একের পর এক কারখানা বন্ধ এবং বিনিয়োগ সংকটে চাপে পড়েছে চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তের শিল্পপ্রতিষ্ঠান গুলো। তার মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির আর্থিক সংকটে ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

ব্যাংকের অভিযোগ, ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গের পাশাপাশি পাওনা পরিশোধের জন্য দেওয়া একটি বড় অঙ্কের চেক পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের আইনি নোটিশ অনুযায়ী, এবি অ্যাপারেলসের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠানটির ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। ২ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়।

নোটিশে বলা হয়েছে, চেকের অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধের সময় দেওয়া হয়েছে। অন্যথায় ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার অধীনে উপযুক্ত আদালতে মামলা করা হতে পারে।

ব্যাংকের আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, ঋণ পুনঃতফসিলের পর নির্ধারিত শর্ত পূরণ না হওয়ায় ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে।

এ বিষয়ে অনন্ত জলিল বলেন, করোনাভাইরাস মহামারির সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে কাজ না থাকলেও শ্রমিকদের বসিয়ে বেতন-ভাতা দিয়েছেন। ওই ঋণের সুদসহ বর্তমানে দেনার পরিমাণ বেড়েছে। ব্যাংকের সহযোগিতা ছাড়া বর্তমান সংকট কাটিয়ে ওঠা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

তৈরি পোশাক খাতে ছোট পরিসরে ব্যবসা শুরু করে গত আড়াই দশকে একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন অনন্ত জলিল। এজেআই গ্রুপের মাধ্যমে তিনি পোশাকশিল্পে পরিচিতি অর্জন করেন। ২০১০ সালে চলচ্চিত্রে যুক্ত হওয়ার পর অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করেন। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।

তবে সাম্প্রতিক বছরগুলোতে তার শিল্পপ্রতিষ্ঠান গুলোর কার্যক্রম সংকুচিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, উৎপাদন চালু রাখা কিংবা কারখানা পরিচালনার জন্য অংশীদার ও ভাড়াটিয়া খুঁজেও সফল হননি তিনি। কয়েকজন চীনা ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করেও বিনিয়োগের বিষয়ে ইতিবাচক সাড়া মেলেনি।

অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলোর ঋণ ও দেনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অর্থায়নকারী অন্যান্য ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যেও। ব্যাংকের পাওনা নির্ধারিত সময়ে পরিশোধ না হলে চেক ডিজঅনারের পাশাপাশি অর্থঋণ আদালতে মামলা করার সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যবসায়িক সংকটের পেছনে চলচ্চিত্রে সময় দেওয়ার কোনো প্রভাব রয়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অনন্ত জলিল। তিনি বরং করোনাভাইরাস মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতিকে তার বর্তমান আর্থিক সংকটের কারণ হিসেবে উল্লেখ করেছেন।

তবে ব্যাংকের ঋণ আদায়ের প্রক্রিয়া, কারখানা গুলোর বর্তমান অবস্থা এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা—সব মিলিয়ে অনন্ত জলিলের ব্যবসায়িক সাম্রাজ্য ঘুরে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


Leave a Comment