অ্যানোডবিহীন ব্যাটারিতে নতুন প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ির রেঞ্জ বাড়ার সম্ভাব

বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিকে আরও হালকা, ছোট ও অধিক শক্তি ধারণক্ষম করে তোলার সম্ভাবনা তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীদের নতুন গবেষণা। অ্যানোডবিহীন (Anode-free) লিথিয়াম ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে বিশেষ নকশার তামার পাত ও অতি পাতলা সুরক্ষামূলক আবরণ ব্যবহারের কৌশল উদ্ভাবন করেছেন কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কেএআইএসটি) গবেষকেরা।
গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Advanced Functional Materials-এ প্রকাশিত হয়েছে।
প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারিতে অ্যানোড হিসেবে সাধারণত গ্রাফাইট ব্যবহার করা হয়। অন্যদিকে, অ্যানোডবিহীন ব্যাটারিতে পৃথক অ্যানোড উপাদান থাকে না। চার্জ দেওয়ার সময় তামার পাতের ওপর সরাসরি লিথিয়াম জমা হয়। এতে ব্যাটারির আকার ও ওজন কমিয়ে শক্তি ধারণক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হয়।
তবে বারবার চার্জ ও ডিসচার্জের সময় তামার পৃষ্ঠে লিথিয়াম অসমভাবে জমা হওয়া এ প্রযুক্তির অন্যতম বড় সীমাবদ্ধতা। এর ফলে সূচের মতো তীক্ষ্ণ লিথিয়াম কাঠামো তৈরি হতে পারে, যা ব্যাটারির কার্যকারিতা কমানোর পাশাপাশি অভ্যন্তরীণ শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ায়।
গবেষকেরা এ সমস্যা মোকাবিলায় তামার পাতের ওপর প্রায় ৩০০ ন্যানোমিটার ব্যাসের অসংখ্য ক্ষুদ্র নলাকার কাঠামো তৈরি করেছেন। এতে লিথিয়াম জমার কার্যকর পৃষ্ঠতল প্রায় চার গুণ বেড়েছে। পাশাপাশি পৃষ্ঠে মাত্র ১০ ন্যানোমিটার পুরু এমএক্সিন (MXene) আবরণ প্রয়োগ করা হয়েছে। গবেষকদের মতে, এই আবরণ স্থিতিশীল সুরক্ষামূলক স্তর তৈরিতে সহায়তা করে এবং লিথিয়াম জমার প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রিত রাখে।
গবেষণার এ কৌশল অ্যানোডবিহীন ব্যাটারির স্থায়িত্ব ও কার্যকারিতা উন্নয়নে নতুন সম্ভাবনা দেখাচ্ছে। ভবিষ্যতে প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে সফল হলে বৈদ্যুতিক গাড়ির জন্য তুলনামূলক হালকা ও কম জায়গা দখলকারী ব্যাটারি তৈরির সুযোগ বাড়তে পারে। একই সঙ্গে ব্যাটারির শক্তি ঘনত্ব উন্নত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে প্রযুক্তিটি এখনো গবেষণা ও উন্নয়নের পর্যায়ে রয়েছে। গাড়িতে ব্যবহার বা বাণিজ্যিক উৎপাদনের আগে এর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব, নিরাপত্তা এবং উৎপাদন ব্যয় নিয়ে আরও পরীক্ষা প্রয়োজন। তাই এক চার্জে বৈদ্যুতিক গাড়ির চলার দূরত্ব বাড়বে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি।
























