কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম বদলে ৩০ ব্যাংকের এটিএম কার্ড লেনদেনে ভোগান্তি

ঢাকা: কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে দেশের প্রায় ৩০টি ব্যাংকের এটিএম কার্ড, পয়েন্ট অব সেল (পিওএস) এবং কিছু আন্তঃব্যাংক লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ব্যাংকগুলো জানিয়েছে, এসব সেবা ১০ অক্টোবর দুপুর ১২টার পর স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। তবে কোন ব্যাংকে কোন সেবা বন্ধ থাকবে, তা সংশ্লিষ্ট ব্যাংকের প্রযুক্তিগত ব্যবস্থার ওপর নির্ভর করছে।
রোববার সন্ধ্যা থেকে ব্যাংক এশিয়া, রূপালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের এটিএম ও ক্রেডিট কার্ডে লেনদেন ব্যাহত হওয়ার পর গ্রাহকদের এ বিষয়ে জানানো হয়। কয়েকটি ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবার কিছু অংশ বন্ধ থাকতে পারে।
কৃষি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও ন্যাশনাল ব্যাংকসহ প্রায় ৩০টি ব্যাংক বিভিন্ন সেবা সাময়িক বন্ধ থাকার বিষয়ে গ্রাহকদের বিজ্ঞপ্তি দিয়েছে। ব্যাংকগুলো বলেছে, প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম আপগ্রেড ও রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এ কার্যক্রম চলছে।
তবে সেবা বন্ধের বিষয়ে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে আগে থেকে জানায়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
তিনি বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন চলছে। এর প্রভাবে আইটিসি তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে নিয়েছে।
আরিফ হোসেন খান বলেন, গ্রাহকদের সেবা বন্ধ রাখার বিষয়েও সংশ্লিষ্ট ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে আগে কোনো বিজ্ঞপ্তি বা পূর্ব ঘোষণা দেয়নি। হঠাৎ কয়েকটি সেবা বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
ব্যাংকগুলো জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে সংশ্লিষ্ট সেবাগুলো স্বাভাবিক হবে। এ সময় জরুরি লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের বিকল্প ব্যাংকিং সেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।














