শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ, নগরকান্দায় মা আটক
ফরিদপুরের নগরকান্দায় শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বিথী আক্তারকে আটক করেছে পুলিশ। ভিডিও ছড়িয়ে পড়ার পর দুই শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।

ফরিদপুর, ৩০ সেপ্টেম্বর: ফরিদপুরের নগরকান্দায় নিজের শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। দুই শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।
আটক বিথী আক্তার (২৮) উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শিশুকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করে। পরে ভিডিওটির স্থান রাধানগর গ্রাম বলে শনাক্ত করা হয়।
পুলিশের অনুসন্ধানের মধ্যে শিশুটির ফুফু থানায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিথী আক্তারকে আটক করে। তার দুই সন্তান আবীর (৯) ও তাবিরকে (৭) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি রাসুল সামদানী আজাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিথী জানিয়েছেন, তার স্বামী আব্বাস আলী প্রায় সাত বছর ধরে মালদ্বীপে রয়েছেন এবং দেশে আসেন না। স্বামীর কাছে পাঠানোর জন্য ভিডিওটি ধারণ করার পরিকল্পনা করেছিলেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
তবে ঘটনার পেছনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
















