বাকৃবির গেস্ট হাউজে ইয়াবা সেবনের অভিযোগ, আটক ৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজের একটি কক্ষে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধারের দাবি পুলিশের।

বাকৃবির গেস্ট হাউজে ইয়াবা সেবনের অভিযোগ, আটক ৪
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গেস্ট হাউজ থেকে আটক ব্যক্তিরা/ছবি: জাগো নিউজ

ময়মনসিংহ, ৩০ সেপ্টেম্বর: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউজের একটি কক্ষ থেকে ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গেস্ট হাউজের ৬ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ময়মনসিংহ কোতোয়ালি থানায় নেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী লাবিব হাসান মিথুন, সামিউল আলীম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সোয়াদ। পুলিশের দাবি, তাদের কাছ থেকে ৪-৫টি ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি থানার এসআই মাহবুব বলেন, কক্ষ ও বাথরুমে তল্লাশি চালিয়ে ইয়াবা ও একটি কিট জব্দ করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গেস্ট হাউজের অফিসার ইনচার্জ সহকারী অধ্যাপক ড. অনিরুদ্ধ সরকার বলেন, ৬ নম্বর কক্ষে সন্দেহজনক ব্যক্তিদের চলাচল ও আচরণ নজরে আসার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। কক্ষটি বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর নামে বুকিং ছিল এবং সেখানে অপরিচিত ব্যক্তিদের যাতায়াত ও মোটরসাইকেল রাখার বিষয়টি নজরে আসে।

পরে সহকারী প্রক্টরকে জানানো হলে প্রক্টরিয়াল ভিজিল্যান্স টিম ঘটনাস্থলে যায়। দরজা খোলার পর কক্ষে চারজনকে পাওয়া যায় বলে জানান তিনি। তাদের মধ্যে বুকিংধারী কর্মচারী, একজন এসি মেকানিক ও দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। কক্ষ থেকে তীব্র গন্ধও পাওয়া যায় বলে জানান গেস্ট হাউজ কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান এবং পরে কোতোয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ কক্ষে ইয়াবা সেবনের সরঞ্জাম দেখতে পায় এবং পরে ইয়াবা উদ্ধার করে চারজনকে আটক করে।

গেস্ট হাউজ কর্তৃপক্ষ জানায়, অসুস্থতার কারণ দেখিয়ে লাবিব হাসান মিথুন এক দিনের জন্য কক্ষটি বুকিং নিলেও সেখানে তিনি টানা তিন দিন অবস্থান করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top