১৭০ বছরের রিমান হাইপোথিসিস সমাধানের দাবি, যাচাইয়ের অপেক্ষায় এআই-নির্ভর প্রমাণ

প্রায় ১৭০ বছর ধরে অমীমাংসিত গাণিতিক সমস্যা ‘রিমান হাইপোথিসিস’-এর প্রমাণ তৈরির দাবি করেছেন অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে। তাঁর দাবি, প্রতিষ্ঠানটির এআই মডেল ক্লডের সহায়তায় ছয় সপ্তাহের প্রচেষ্টায় তিনি সমস্যাটির একটি বিস্তারিত গাণিতিক প্রমাণ তৈরি করেছেন। তবে প্রমাণটির যথার্থতা এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবি প্রকাশ করেন আলপোগে। তিনি জানান, অ্যানথ্রপিকের একটি অপ্রকাশ্য ক্লড সংস্করণ ব্যবহার করে প্রমাণটি তৈরি করেছেন। প্রমাণের পূর্ণাঙ্গ পাঠ্য লিন নামের গাণিতিক যাচাইয়ের বিশেষ প্রোগ্রামিং ভাষায় লেখা এবং এর আকার ২ লাখ ৫০ হাজার পৃষ্ঠার বেশি।
গণিতবিদ টেরেন্স তাও জানিয়েছেন, প্রমাণটির নির্ভুলতা যাচাই করতে আরও সময় প্রয়োজন। ফলে বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত এটিকে রিমান হাইপোথিসিসের সমাধান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান ১৮৫৯ সালে এই হাইপোথিসিস উত্থাপন করেন। এতে মৌলিক সংখ্যার বণ্টন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক অনুমান করা হয়েছে। এর প্রমাণ পাওয়া গেলে সংখ্যাতত্ত্বসহ গণিতের বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা রয়েছে।
এআইয়ের মাধ্যমে জটিল গাণিতিক সমস্যা সমাধানের দাবি অবশ্য এবারই প্রথম নয়। গত সেপ্টেম্বরে ওপেন এআইয়ের কর্মীরা দাবি করেন, এআইয়ের সহায়তায় নাভিয়ের-স্টোকস সমীকরণসংক্রান্ত একটি জটিল সমস্যার অংশবিশেষ মাত্র ৮৮ ঘণ্টায় সমাধান করেছেন। ওই দাবির প্রমাণও এখনো বিশেষজ্ঞদের স্বাধীন যাচাইয়ের অপেক্ষায় রয়েছে।
এআই প্রতিষ্ঠানগুলোর এমন সাফল্যের দাবি নিয়ে সতর্কতা জানিয়েছেন গণিতবিদদের একটি দল। তাঁদের মতে, বাণিজ্যিক প্রচারের অংশ হিসেবে যাচাই না হওয়া গবেষণার ফলাফলকে সাফল্য হিসেবে তুলে ধরা গণিতচর্চার বিশ্বাসযোগ্যতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এদিকে ওপেনএআই আরও ৩৭২টি অমীমাংসিত গাণিতিক সমস্যায় সমাধান বা উল্লেখযোগ্য অগ্রগতির দাবিও করেছে।
আলপোগের উপস্থাপিত প্রমাণ বিশেষজ্ঞদের যাচাইয়ে সঠিক বলে প্রতিষ্ঠিত হলে তা গণিত গবেষণায় এআইয়ের ভূমিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। তবে স্বাধীন পর্যালোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত রিমান হাইপোথিসিসের সমাধান হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

























