অপরাধ দমনে বিচারই যথেষ্ট নয়, সামাজিক প্রতিরোধ জরুরি: অ্যাটর্নি জেনারেল

শুধু আইন ও আদালতের মাধ্যমে সব ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা, ধর্মীয় ও পারিবারিক শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মিরপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, অপরাধ প্রতিরোধে সামাজিক ভাবে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা জরুরি। কেবল বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করে সব অপরাধ মোকাবিলা করা সম্ভব নয়। অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সমাজে সুস্পষ্ট বার্তা প্রতিষ্ঠা করাও বিচারের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, শিশুদের প্রতি এমন নৃশংস অপরাধের প্রবণতা কীভাবে তৈরি হচ্ছে, তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে সমাজবিজ্ঞানীদেরও বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা উচিত।
এদিকে, শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডিত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদন সংক্রান্ত ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিলের শুনানি সোমবার হাইকোর্টে অনুষ্ঠিত হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেছেন।





















