অ্যাপলের এআই প্যাক ৪৯.৯৯ ডলার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?

অ্যাপলের এআই প্যাক ৪৯.৯৯ ডলার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?

এআই ভিত্তিক ফিচারের ব্যবহারসীমা বাড়াতে নতুন অর্থের বিনিময়ে প্যাক চালু করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির ক্রিয়েটর স্টুডিওর মাসিক বিনামূল্যের এআই ব্যবহারের সীমা শেষ হলে অতিরিক্ত সুবিধা পেতে ৪৯.৯৯ ডলারের ‘ইন্টেলিজেন্স ইউসেজ প্যাক’ কিনতে পারবেন গ্রাহকেরা। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে কেনা এই প্যাক ব্যবহার করে মাসিক বিনামূল্যের সীমা অতিক্রম করার পরও এআই ফিচার ব্যবহার করা যাবে। সাধারণত ছবি তৈরি, প্রেজেন্টেশন প্রস্তুত সহ বিভিন্ন এআইনির্ভর কাজে ক্রিয়েটর স্টুডিওর অ্যাপগুলোতে নির্দিষ্ট পরিমাণ বিনামূল্যের ব্যবহারের সুযোগ দেয় অ্যাপল।

অ্যাপলের সহায়তা পৃষ্ঠার তথ্য অনুযায়ী, কেনা প্যাকের অব্যবহৃত সুবিধা পরবর্তী মাসেও বহাল থাকবে। তবে কেনার তারিখ থেকে ১২ মাসের মধ্যে তা ব্যবহার করতে হবে। পাশাপাশি, বিনামূল্যের মাসিক ব্যবহারের সীমা শেষ হওয়ার পরই কেবল প্যাকের সুবিধা কার্যকর হবে।

প্যাকটি সংশ্লিষ্ট অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। ফলে ফ্যামিলি শেয়ারিংয়ের মাধ্যমে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এর সুবিধা ভাগ করা যাবে না। এটি কিনতে ক্রিয়েটর স্টুডিওর সক্রিয় সাবস্ক্রিপশন থাকা বাধ্যতামূলক।

বর্তমানে শুধু লজিক প্রো অ্যাপে প্যাকটি কেনার সুযোগ চালু হয়েছে। অ্যাপটির মেনুবার থেকে ‘ইন্টেলিজেন্স ফিচারস’ নির্বাচন করে ‘শো ইউসেজ’ অপশনে গেলে এআই ব্যবহারের হিসাব দেখা যাবে। অ্যাপলের পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফাইনাল কাট প্রো, পিক্সেলমেটর প্রো এবং আইওয়ার্ক স্যুটের অ্যাপগুলোতেও সুবিধাটি চালুর কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো ও ভারত—মোট আটটি দেশে প্যাকটি চালু হয়েছে।

তবে ৪৯.৯৯ ডলারে ঠিক কতটুকু অতিরিক্ত এআই সুবিধা পাওয়া যাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট হিসাব প্রকাশ করেনি অ্যাপল। এআই কাজের ধরন ও জটিলতার ওপর ব্যবহারের পরিমাণ নির্ভর করায় এই অর্থে কতটি ছবি তৈরি বা কতগুলো কাজ সম্পন্ন করা যাবে, তা আগাম নির্ধারণ করা যাচ্ছে না।

ফলে প্যাকটির প্রকৃত মূল্য নির্ভর করবে ব্যবহারকারীর কাজের ধরন ও এআই ব্যবহারের পরিমাণের ওপর।


Leave a Comment