প্রধানমন্ত্রীর মোংলা বন্দর সফর আজ, গুরুত্ব পাচ্ছে সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল

প্রধানমন্ত্রীর মোংলা বন্দর সফর আজ, গুরুত্ব পাচ্ছে সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল
প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে তাঁর সেখানে পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সফরসূচি অনুযায়ী, দাকোপ থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের মোংলায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মোংলা বন্দরের কার্যক্রম পরিদর্শন, উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।

সূচি অনুযায়ী, মোংলায় পৌঁছে প্রধানমন্ত্রী বানৌজা মোংলার ওয়ার্ডরুমে যাবেন। মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে সভাকক্ষে আয়োজিত বৈঠকে অংশ নেবেন তিনি। এতে বন্দরের কার্যক্রম, উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিকেলে মোংলা বন্দরের জেটিসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ৩টা ১৫ মিনিটে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। রাজধানীতে পৌঁছানোর সম্ভাব্য সময় বিকেল ৫টা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠিতে সফরসঙ্গী হিসেবে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের থাকার তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা ও বাগেরহাটের প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ সফরে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সম্প্রসারণের বিষয়ে অগ্রগতি আসবে।


Leave a Comment