প্রধানমন্ত্রীর সফরে প্রটোকল ভঙ্গের অভিযোগ, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

প্রধানমন্ত্রীর সফরে প্রটোকল ভঙ্গের অভিযোগ, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার
রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী – ছবি : সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তাঁর কথিত অপেশাদার আচরণের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনপ্রশাসন-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ইউসুফ আলীকে দ্রুত রাজশাহী ত্যাগ করে ঢাকায় ফিরতে নির্দেশ দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে রাজশাহী ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে রাত ১১টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

তবে তাঁকে প্রত্যাহারের কারণ সম্পর্কে সরকারি প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর বিদায়ের সময় বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন কর্মকর্তারা। এ সময় ইউসুফ আলী সারি থেকে সামনে এগিয়ে গিয়ে বাঁ হাত তোলেন। তাঁকে প্রধানমন্ত্রীর পিঠে হাত দিতে উদ্যত হতে দেখা যায়। তবে প্রধানমন্ত্রী সরে গিয়ে তাঁকে দূরে থাকার ইঙ্গিত দেন। পরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের ইউসুফ আলীর দিকে এগিয়ে আসতে দেখা যায়।

মঙ্গলবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি মাদ্রাসা ময়দানে জনসভায় বক্তব্য দেন। জনসভা শেষে রাজশাহীর একটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এরপর বিমানবন্দরে ফিরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে রাজশাহী ত্যাগ করেন।

গত ১৯ আগস্ট রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পান ইউসুফ আলী। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই পদে তাঁর পদমর্যাদা ছিল অতিরিক্ত সচিবের সমতুল্য।


Leave a Comment