ইশরাকের পদত্যাগের ঘোষণা, মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় থাকার অঙ্গীকার

ইশরাকের পদত্যাগের ঘোষণা, মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় থাকার অঙ্গীকার
জাতীয় প্রেসক্লাবে ইশরাক হোসেন – ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক জানান, তিনি বেলা ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।

সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবে ইশরাকের সঙ্গে শত শত নেতা-কর্মী জড়ো হন। তাঁরা তাঁর সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। নেতা-কর্মীদের কয়েকজনকে ফুলের তোড়া হাতেও দেখা যায়। পরে তাঁদের সঙ্গে নিয়ে প্রেসক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে যান ইশরাক।

ফেসবুক পোস্টে ইশরাক বলেন, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে তিনি মাদকবিরোধী কার্যক্রমে আরও সক্রিয় হবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, “মন্ত্রী নয়, মাদক নির্মূল!” মাদক নির্মূলে আগের চেয়ে বেশি উদ্দীপনা নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এর আগে রোববার সরকার-সংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ওই দিন বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁকে ডেকে এ নির্দেশ দেন।

শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে অংশ নেন ইশরাক। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


Leave a Comment