গ্যাস সংকট এক থেকে দেড় সপ্তাহে কাটবে, দাবি রিজভীর

গ্যাস সংকট এক থেকে দেড় সপ্তাহে কাটবে, দাবি রিজভীর
গ্যাস সংকট এক থেকে দেড় সপ্তাহে কাটবে, দাবি রিজভীর / বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

ঢাকা, ২ সেপ্টেম্বর: দেশে চলমান গ্যাস সংকট এক থেকে দেড় সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, বর্তমান গ্যাসসংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা।

সংকটকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ না করার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার তিনশ ফিট এলাকায় গাছের চারা রোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বসে নেই। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

“আশা করি, এক-দেড় সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে,” বলেন রিজভী।

গ্যাসসংকটের কারণ

রিজভীর ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি সরবরাহে প্রভাব পড়েছে।

এ ছাড়া মহেশখালীতে এলএনজি টার্মিনালে ত্রুটির কারণেও গ্যাস সরবরাহে সমস্যা হয়েছে বলে জানান তিনি। এসব কারণে আবাসিক গ্রাহক ও শিল্প-কারখানায় গ্যাসের চাপ কমেছে।

সংকট মোকাবিলায় সরকার এ খাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও দাবি করেন রিজভী।

২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ

বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিএনপির একটি দক্ষ দল রয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান এবং যুগ্ম আহ্বায়ক এ বি এম আব্দুর রাজ্জাকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top