১২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতা মূলক অভিযান শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও তা মোকাবিলায় করণীয় নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস ডেঙ্গু প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সরকারি সংস্থার মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে মাঠপর্যায়ের কার্যক্রমে যুক্ত করার নির্দেশ দেন।
কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সিটি করপোরেশন, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) কার্যক্রম সমন্বয় করবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবক, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রোভার স্কাউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ অভিযানে অংশ নেবেন।
প্রতি শনিবার তারা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করা এবং বাসিন্দাদের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালানোরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং সভায় নেওয়া সিদ্ধান্তগুলো মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মির্জা শাহ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


