বাংলাদেশসহ ৪৪ দেশে ChatGPT বিজ্ঞাপন সেবা সম্প্রসারণ, একক রিসেলার হলো Aleph

বাংলাদেশের ব্র্যান্ড ও বিজ্ঞাপনী সংস্থাগুলো এখন স্থানীয় সহযোগিতার মাধ্যমে ChatGPT-তে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পাবে। এ জন্য OpenAI-এর সঙ্গে বিশেষ অংশীদারত্ব করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান Aleph।

বাংলাদেশসহ ৪৪ দেশে ChatGPT বিজ্ঞাপন সেবা সম্প্রসারণ, একক রিসেলার হলো Aleph

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম ChatGPT-তে বিজ্ঞাপন প্রচারের সুযোগ আরও বিস্তৃত করছে OpenAI। এবার বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশে বিজ্ঞাপন কার্যক্রম পরিচালনার জন্য Aleph-কে একক রিসেলার হিসেবে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠান ও বিজ্ঞাপনী সংস্থাগুলো স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা নিয়ে ChatGPT-তে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পাবে।

নতুন এই অংশীদারত্বের আওতায় সংশ্লিষ্ট দেশগুলোতে OpenAI-এর বিজ্ঞাপন সেবা বিপণন ও গ্রাহক সহায়তার দায়িত্ব পালন করবে Aleph। প্রতিষ্ঠানটির স্থানীয় টিমের মাধ্যমে বিজ্ঞাপনদাতারা চুক্তি সম্পাদন, অর্থ পরিশোধ, প্রচারণা পরিচালনা এবং প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন।

OpenAI-এর ঘোষণা অনুযায়ী, ৪৪টি দেশের মধ্যে লাতিন আমেরিকার ১৪টি, ইউরোপ ও মধ্য এশিয়ার ১৬টি, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১০টি এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের চারটি দেশ রয়েছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে কম্বোডিয়া, হংকং ও শ্রীলঙ্কা।

বাংলাদেশের বিজ্ঞাপনদাতাদের জন্য এই উদ্যোগের অন্যতম সুবিধা হলো স্থানীয় পর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করার সুযোগ। Aleph-এর মাধ্যমে স্থানীয় মুদ্রায় ইনভয়েস গ্রহণ, অর্থ পরিশোধের সুবিধা, বিজ্ঞাপন অ্যাকাউন্ট চালু করা, ক্যাম্পেইন পরিচালনায় সহযোগিতা এবং প্রশিক্ষণ নেওয়া যাবে।

বিশেষ করে যেসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক পর্যায়ে ডিজিটাল বিজ্ঞাপন দিতে আগ্রহী, কিন্তু বিদেশি পেমেন্ট ব্যবস্থা কিংবা প্রযুক্তিগত প্রক্রিয়ার কারণে সমস্যায় পড়ে, তাদের জন্য এই অংশীদারত্ব নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

OpenAI জানিয়েছে, Aleph-এর সঙ্গে নতুন চুক্তিটি তাদের বিদ্যমান বৈশ্বিক প্রযুক্তি অংশীদারত্ব এবং স্বয়ংক্রিয় বিজ্ঞাপন ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ChatGPT Ads Manager-এর বিকল্প নয়; বরং বিদ্যমান ব্যবস্থার পরিপূরক হিসেবে কাজ করবে। ফলে বিজ্ঞাপনদাতারা চাইলে সরাসরি Ads Manager ব্যবহার করতে পারবেন অথবা অনুমোদিত প্রযুক্তি ও স্থানীয় রিসেলার অংশীদারদের মাধ্যমে বিজ্ঞাপন কিনতে পারবেন।

এদিকে, নতুন অংশীদারত্বের কারণে বিজ্ঞাপনের টার্গেটিং ব্যবস্থায় কোনো পরিবর্তন আসছে না বলেও জানিয়েছে OpenAI। বিজ্ঞাপনদাতারা আগের মতোই যেসব দেশে ChatGPT Ads চালু রয়েছে, সেসব দেশে নিজেদের প্রচারণা পরিচালনা করতে পারবেন। অর্থাৎ কোনো দেশে Aleph-এর স্থানীয় রিসেলার কার্যক্রম না থাকলেও সেখানে বিজ্ঞাপন টার্গেট করার সুযোগ বহাল থাকবে, যদি ওই বাজারে ChatGPT Ads উপলভ্য থাকে।

OpenAI-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ লাখের বেশি মার্কেটার ChatGPT-তে বিজ্ঞাপন প্রচার করেছেন। বিজ্ঞাপন কার্যক্রমকে আরও কার্যকর করতে ভবিষ্যতে নতুন বিজ্ঞাপন ফরম্যাট, ক্যাম্পেইন অপটিমাইজেশন এবং ফলাফল পরিমাপের প্রযুক্তি উন্নয়নের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল বিজ্ঞাপনের বাজারেও নতুন প্রতিযোগিতা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে ChatGPT বিজ্ঞাপনের জন্য স্থানীয় রিসেলার যুক্ত হওয়াকে আন্তর্জাতিক ডিজিটাল মার্কেটিং বাজারে দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের নতুন সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

ChatGPT-তে বিজ্ঞাপন দিতে আগ্রহী বাংলাদেশি প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনী সংস্থাগুলো বিস্তারিত তথ্য, সেবার প্রাপ্যতা এবং বাণিজ্যিক শর্ত জানতে Aleph-এর স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

তথ্যসূত্র: OpenAI-এর আনুষ্ঠানিক ঘোষণা।


Leave a Comment