‘ইঠা’ ট্রেলার এ শ্রদ্ধা কাপুরের অভিনয়ে মুগ্ধ দর্শক, উঠছে জাতীয় পুরস্কারের দাবি
মারাঠি লোকশিল্পী ইঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে নির্মিত ‘ইঠা’ সিনেমার ট্রেলার প্রকাশের পর প্রশংসায় ভাসছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবিতে কিংবদন্তি লাবণী নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ট্রেলারে শ্রদ্ধার অভিনয়, চরিত্রের রূপান্তর ও মারাঠি উচ্চারণের প্রশংসা করেছেন দর্শকেরা। কেউ কেউ তার পারফরম্যান্সকে জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য বলেও মন্তব্য করেছেন।
লক্ষ্মণ উতেকর পরিচালিত সিনেমাটির তিন মিনিট দুই সেকেন্ডের ট্রেলার শুক্রবার প্রকাশিত হয়। এতে মঞ্চে লাবণী নৃত্য পরিবেশনার পাশাপাশি শিল্পীর ব্যক্তিগত জীবনের সংকট, হৃদয়ভাঙা অভিজ্ঞতা এবং প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়েছে। ট্রেলারে রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আয়ুবকেও দেখা গেছে।
ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শ্রদ্ধার অভিনয় নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানান দর্শকেরা। এক ব্যবহারকারী ট্রেলারটিকে অসাধারণ উল্লেখ করে সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেন। আরেকজন শ্রদ্ধার চরিত্র ধারণের দক্ষতা ও অভিনয়ের বৈচিত্র্যের প্রশংসা করেন। অন্য এক দর্শক তার অভিনয়কে জাতীয় পুরস্কার পাওয়ার মতো বলে অভিহিত করেন। ট্রেলারে আবেগের গভীরতা এবং অভিনেত্রীর উচ্চারণভঙ্গিও প্রশংসা পেয়েছে।
ছবিটি প্রযোজনা করেছেন দীনেশ ভিজান। ম্যাডক ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির মাধ্যমে ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির পর আবারও একসঙ্গে কাজ করলেন শ্রদ্ধা ও ভিজান। অন্যদিকে, ‘ছাভা’র পর পরিচালক লক্ষ্মণ উতেকর ও প্রযোজক দীনেশ ভিজানও পুনরায় জুটি বেঁধেছেন।
মহারাষ্ট্রের লোকনাট্যধারার গুরুত্বপূর্ণ শিল্পী ইঠাবাঈ নারায়ণগাঁওকর লাবণী ও তামাশা পরিবেশনার জন্য পরিচিত ছিলেন। লোকশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৫৭ ও ১৯৯০ সালে রাষ্ট্রপতি পদক পান।
আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ইঠা’র। টেলিগ্রাফ ইন্ডিয়া























