বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের আগ্রহ, তারেক রহমানের সঙ্গে বৈঠক

বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে টোকিও। বুধবার (২৮ অক্টোবর) জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক কে এ অবস্থানের কথা জানান দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই।
আকাজাওয়া বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় গন্তব্য। দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশে জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর বিষয়েও তাঁর দেশের আগ্রহ রয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে জাপান সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনায় উঠে আসা সহযোগিতার ক্ষেত্রগুলোতে অগ্রগতি নিশ্চিত করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশের বাজারে জাপানি ব্যবসায়ীদের আগ্রহকে কাজে লাগিয়ে আরও বিনিয়োগ আনার প্রয়োজনীয়তার ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশাও উঠে আসে আলোচনায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রত্যেকেই দুইবার জাপান সফর করেছেন। তাঁদের সময় থেকে গড়ে ওঠা বাংলাদেশ-জাপান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে তা আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এ সময় জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে আরও ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

















