নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা অভিযোগ, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা অভিযোগ, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী
ফরিদপুরের চরভদ্রাসনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া গ্রামেছবি: প্রথম আলো

ফরিদপুর প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ তুলে এর ফলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন। এমন একজন ব্যক্তির সঙ্গে বিদেশের মাটিতে অসম্মানজনক আচরণ দেশের মর্যাদা বাড়ায় না।

তিনি বলেন, “গোটা পৃথিবীর বিভিন্ন দেশ যাঁকে সম্মান করে, তাঁকে আপনারা অসম্মান করছেন বিদেশের মাটিতে, তাঁকে হেয় করছেন। এটা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”

সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী অভিযোগ করেন, সরকারকে অস্থিতিশীল করা এবং সরকারি কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি ককটেলের একটির বিস্ফোরণ হয়েছে, অন্যটি বিস্ফোরিত হয়নি বলে দাবি করেন তিনি।

রিজভীর অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে এবং ভারত থেকে এসব কর্মকাণ্ডে ইঙ্গিত ও মদদ দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি বিস্তারিত প্রমাণ উপস্থাপন করেননি।

জ্বালানি সংকট নিয়ে যা বললেন রিজভী

জ্বালানি ও বিদ্যুৎ সংকটের বিষয়ে রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব বাংলাদেশের জ্বালানি সরবরাহে পড়ছে। দেশের ডিজেলসহ বিভিন্ন জ্বালানির একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে আসে বলে উল্লেখ করেন তিনি।

তার দাবি, এ পরিস্থিতির কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের মাধ্যমে সরকার সংকট মোকাবিলার চেষ্টা করছে এবং পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

বাড়ির চাবি হস্তান্তর, সেলাই মেশিন বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লকাই বিশ্বাসের পরিবারের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া গ্রামে আলমগীর কবিরের বাগানবাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেন রুহুল কবির রিজভী।

এ সময় চিকিৎসাসহায়তা দেওয়ার পাশাপাশি নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে তাঁদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক মোদারেরছ আলী, সদস্যসচিব এ কে কিবরিয়া, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষক দলের নেতা খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন এবং মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


Leave a Comment