সৌদি কারখানায় অগ্নিকাণ্ড: ডিএনএ শনাক্তের পর দেশে ফিরল ৭ বাংলাদেশির মরদেহ

সৌদি কারখানায় অগ্নিকাণ্ড: ডিএনএ শনাক্তের পর দেশে ফিরল ৭ বাংলাদেশির মরদেহ
শনিবার সকাল ৮টা ২১ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ছবি: সংগৃহীত

ঢাকা, ৩১ অক্টোবর: সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকাল ৮টা ২১ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী জানান, রিয়াদ থেকে সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় মরদেহগুলো সড়কপথে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। পরে সেখান থেকে বিমানে ঢাকায় আনা হয়।

গত ৯ আগস্ট রিয়াদের ওই কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। তাঁদের মধ্যে নয়জনের মরদেহ ২৭ আগস্ট দেশে ফেরত পাঠানো হয়। বাকি সাতজনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁদের মরদেহ দেশে আনা হলো।

নিহতদের পাঁচজনের বাড়ি নওগাঁ জেলায় এবং দুজনের বাড়ি নাটোরে।

নওগাঁর নিহত শ্রমিকেরা হলেন সদর উপজেলার পার নওগাঁ গ্রামের শাহিন, আত্রাই উপজেলার দুবাই গ্রামের হাসিবুল হাসান, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার এবং সাহানগর গ্রামের সাগর আলী।

অন্য দুজন হলেন নাটোরের লালপুর উপজেলার দীঘিরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম ও খাজুরা গ্রামের শরিফ হোসেন।


Leave a Comment