পশ্চিমবঙ্গে করমুক্ত ‘রামায়ণ’ মুক্তির আগেই আলোচনায় রণবীর-যশের মহাকাব্য

পশ্চিমবঙ্গে করমুক্ত করা হয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’। মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এ ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দশমী উপলক্ষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত ছবিটির প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দুই পর্বের এই চলচ্চিত্রের সম্মিলিত নির্মাণব্যয় প্রায় ৪ হাজার কোটি রুপি বলে জানা গেছে।
ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, রাবণের ভূমিকায় রয়েছেন যশ এবং সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এ ছাড়া লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অরুণ গোভিল, লারা দত্ত, বিবেক ওবেরয়, রাকুল প্রীত সিং, শোভনা ও শিবা চাড্ডাসহ আরও অনেকে।
নমিত মালহোত্রার প্রযোজনায় নির্মিত ছবিটির সঙ্গে যুক্ত রয়েছে প্রাইম ফোকাস স্টুডিওস, মনস্টার মাইন্ড ক্রিয়েশনস ও ডিএনইজি। চলচ্চিত্রটির বিশাল বাজেট, তারকাবহুল অভিনয়শিল্পী এবং ভিজ্যুয়াল এফেক্টস নিয়ে মুক্তির আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অধিকারী ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতো চলচ্চিত্রের প্রসঙ্গও তোলেন। পাশাপাশি শ্রীকৃষ্ণ ও অর্জুনকে কেন্দ্র করে ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণ এবং ‘মহাভারত’ অবলম্বনে ছবি তৈরির সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে কলকাতার চোরবাগান এলাকায় দুর্গাপূজার একটি মণ্ডপে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য প্রার্থনা এবং এক মিনিট নীরবতা পালনের কথা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি।



















