ছাদভিত্তিক সৌরবিদ্যু এর উদ্বৃত্ত অংশ কিনবে সরকার, ইউনিটপ্রতি দাম ১০ টাকা ৫০ পয়সা

ঢাকা, মঙ্গলবার — টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার গ্রাহকদের কাছ থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুতের জন্য গ্রাহকদের প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা দেওয়া হবে।
মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে সরকার এই বিশেষ প্রণোদনার ঘোষণা দেয়। তবে এই সুবিধা পাবেন শুধু সেই গ্রাহকেরা, যারা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নির্ধারিত সময়সীমার মধ্যে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে গ্রাহক প্রথমে নিজের প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার করবেন। ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে এবং সেই বিদ্যুতের পরিমাণ অনুযায়ী সরকার নির্ধারিত হারে অর্থ পরিশোধ করবে।
সরকারের হিসাবে, বর্তমান বাজারদর এবং বিদ্যুৎ বিভাগে পাওয়া বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যয় প্রতি ইউনিট ৮ টাকা ধরা হয়েছে। এর সঙ্গে ২০ শতাংশ মুনাফা এবং ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যোগ করে ক্রয়মূল্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সময়সীমার পর মিলবে না বিশেষ প্রণোদনা
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির পর স্থাপিত কোনো ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে এই বিশেষ প্রণোদনা প্রযোজ্য হবে না।
বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ নিরূপণ এবং গ্রাহকদের প্রাপ্য অর্থ ও প্রণোদনাসংক্রান্ত তথ্য সংরক্ষণ করবে।
প্রণোদনার অর্থ নগদে দেওয়া হবে না। গ্রাহকদের ব্যাংক হিসাব অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের হিসাবে অর্থ পাঠানো হবে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটার এবং অন্যান্য যন্ত্রপাতিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত কারিগরি মানদণ্ড পূরণ করতে হবে।
গ্রাহকদের নীতিগত ও কারিগরি সহায়তা দিতে বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে একটি ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার স্থাপন করেছে। এ ছাড়া বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় থেকেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।



