মক্কা চুক্তি তে বাংলাদেশ নিয়ে সৌদি আরব ও তুরস্কের ইতিবাচক মনোভাব: হুমায়ুন কবির
মক্কা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা চলছে। দুই দেশের মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সরকারের দৃষ্টিতে এ চুক্তিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হুমায়ুন কবির।

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ অধিবেশনে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকের ফাঁকে তিনি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মক্কা চুক্তি নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্কের অবস্থান জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, দুই দেশের মনোভাবই ইতিবাচক।
তবে তিনি জানান, বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে বিষয়টি বিস্তারিতভাবে জানানো হবে।
হুমায়ুন কবির বলেন, ‘আনুষ্ঠানিকভাবে যখন আমাদের আমন্ত্রণ জানাবে, আমরা তখন আপনাদের জানাব। তবে আমরা এ বিষয়ে আলোচনা করছি। দ্বিপক্ষীয় অংশীদারসহ সব পক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে।’
‘এখানে ঝুঁকির কিছু নেই’
মক্কা চুক্তিতে যোগ দেওয়ার সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার বিষয়টিকে সুযোগ হিসেবে দেখছে।
তিনি বলেন, ‘বাঁচার আগে যদি মরার চিন্তা করেন, তাহলে কী লাভ? এমন একটি অনন্য চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে ঝুঁকির কিছু নেই।’
বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, শান্তিরক্ষার ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে।
মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার প্রেক্ষাপটে বাংলাদেশ মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বলেও জানান তিনি। সৌদি আরবের মতো একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ এ উদ্যোগের সঙ্গে যুক্ত থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
ওআইসি বৈঠকের ফাঁকে আলোচনা
জেদ্দায় ওআইসির বিশেষ অধিবেশনের ফাঁকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মক্কা চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে কথাবার্তা হয়েছে।
এদিকে, দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংক্ষেপে বলেন, ‘আমি বাংলাদেশি।’



