রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনের হামলা, পাল্টা ইউক্রেনের বন্দরে রুশ হামলা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রিয়াজান, পার্ম ও তাতারস্তান অঞ্চলের তেল শোধনাগার ও প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় ইউক্রেন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সময়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর চর্নোমোরস্ক ও ইজমাইলে হামলা চালিয়েছে রুশ বাহিনী।
জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় বাহিনী রিয়াজান অঞ্চলের একটি তেল শোধনাগার এবং পার্ম ও তাতারস্তানে কয়েকটি তেল প্রক্রিয়াজাতকরণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ছাড়া কুরস্ক অঞ্চলে হামলাকারী ড্রোন সংরক্ষণ ও উৎক্ষেপণে ব্যবহৃত একটি স্থাপনাতেও আঘাত করা হয়েছে। কৃষ্ণসাগরে একটি অজ্ঞাত লক্ষ্যবস্তুতে হামলার কথাও জানান তিনি।
এর আগে সোমবার ইউক্রেনের বন্দরনগরী চর্নোমোরস্কে একটি জাহাজে হামলা চালায় রুশ সামরিক বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, জাহাজটিতে সামরিক সরঞ্জাম ছিল বলে দাবি করেছে মস্কো।
ইজমাইল বন্দরের লোডিং স্থাপনাতেও রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স। সংস্থাটি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
দুই দেশের এই পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগের খবর এসেছে। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যুদ্ধের অবসানে কিয়েভের কাছে নতুন ও ‘আরও কার্যকর’ কিছু প্রস্তাব নিয়ে এসেছেন।
এদিকে রাশিয়াও যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা নাকচ করেনি। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো ত্রিপক্ষীয় আলোচনার ফরম্যাট পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করছে।
মস্কো ও কিয়েভ সফর করা মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সফরের পর এ অবস্থান জানাল ক্রেমলিন।
পেসকভ সাংবাদিকদের এক ব্রিফিং কলে বলেন, ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা রাশিয়াও উড়িয়ে দিচ্ছে না। তবে বৈঠকের স্থান বা নির্দিষ্ট তারিখ নিয়ে এখনই কিছু বলা খুব তাড়াতাড়ি হবে।
সূত্র: Reuters



