পাঁচ দিনের সফর শেষে থাইল্যান্ড ছাড়ল মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন

পাঁচ দিনের সফর শেষে থাইল্যান্ড ছাড়ল মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন
মার্কিন বিমানবাহী রণতরীর থাইল্যান্ড ত্যাগ: মার্কিন পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন (সিভিএন-৭২) ২০২৬ সালের ৬ই সেপ্টেম্বর পাতায়া শহরের নিকটবর্তী লেম চাবাং বন্দর ত্যাগ করে। ছবি: সংগৃহীত

ব্যাংকক: পাঁচ দিনের বন্দর সফর শেষে রোববার থাইল্যান্ড ছেড়েছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্য নিয়ে জাহাজটি বুধবার থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে পৌঁছেছিল।

মধ্যপ্রাচ্যে দীর্ঘ নয় মাসের মোতায়েন শেষে বিশ্রাম ও বিনোদনের জন্য থাইল্যান্ডে এই যাত্রাবিরতি নেয় মার্কিন রণতরীটি। রোববার স্থানীয় সময় সকাল ১১টার দিকে লায়েম চাবাং বন্দর থেকে জাহাজটি ছেড়ে যায় বলে ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিকরা জানান।

রণতরীটির অবস্থানকে ঘিরে পর্যটননগরী পাতায়ায় ব্যবসায়ীদের মধ্যে আশার সৃষ্টি হয়েছিল। পর্যটন মৌসুমের নিম্ন সময়ে প্রায় ৫ হাজার মার্কিন নাবিক ও মেরিন সদস্যের আগমন স্থানীয় ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন শহরটির মেয়র।

পাতায়ায় সফরকালে নিরাপত্তা জোরদার করা হয়। মার্কিন সেনাদের আগমনের আগে যৌনকর্মীদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। তবে এ অভিযানের সঙ্গে মার্কিন নাবিকদের সফরের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন পাতায়ার মেয়র।

ছোটখাটো ঘটনায় শেষ সফর

স্থানীয় পুলিশ জানিয়েছে, সামগ্রিকভাবে সফরটি কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই শেষ হয়েছে।

পাতায়া পুলিশের প্রধান আনেক স্রাথংইউ এএফপিকে বলেন, “সবকিছু ভালোভাবেই হয়েছে।”

তিনি জানান, প্রথম দিন কয়েকজন মার্কিন সেনার মধ্যে তর্কাতর্কি ছাড়া কোনো গ্রেপ্তার বা বড় ধরনের বিরোধের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার ভোরে পাতায়ার ওয়াকিং স্ট্রিট এলাকায় মদ্যপ অবস্থায় সংঘর্ষে জড়ানোর পর দুই নাবিককে রণতরীতে ফিরিয়ে নেওয়া হয়। পুলিশ ঘটনাটিকে ছোটখাটো হাতাহাতি হিসেবে বর্ণনা করেছে।

রণতরীতে জীবনযাপন নিয়ে উদ্বেগ

থাইল্যান্ড সফরের আগে ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। গত মাসে কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা জাহাজটির পরিস্থিতি তদন্তের আহ্বান জানান।

খাবারের ঘাটতি, নষ্ট প্লাম্বিং ব্যবস্থা এবং মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সংকটের মতো সমস্যার অভিযোগ ওঠে। মোতায়েনের কোনো কোনো সময়ে জাহাজে টুথপেস্ট, ডিওডোরেন্ট ও সাবানের মতো প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি ছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব উদ্বেগের বিষয়টি নাকচ করে দেন। পরে মধ্যপ্রাচ্যে আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হয় ইউএসএস জর্জ ওয়াশিংটন।

পাতায়ায় ১০০ মিলিয়ন বাট ব্যয়

পাতায়ার মেয়র পোরামাসে ন্গামপিচেসের হিসাবে, সফরকালে মার্কিন নাবিক ও মেরিন সদস্যরা শহরে প্রায় ১০০ মিলিয়ন বাট বা প্রায় ৩ মিলিয়ন ডলার ব্যয় করেছেন।

এ ছাড়া জাহাজের জন্য টুথপেস্টসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিক্রি থেকেও স্থানীয় ব্যবসায়ীরা কয়েক মিলিয়ন বাট আয় করেছেন বলে জানান তিনি।

সফরকালে অনেক নাবিক ও মেরিন সদস্য পাতায়ার বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরেছেন এবং কেনাকাটা করেছেন। পরিবারের সদস্যদের জন্য উপহার কিনতেও তাদের আগ্রহ দেখা গেছে বলে জানান মেয়র।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top