গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, মুন্সীগঞ্জে সাবেক ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে এক গৃহবধূর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক সাবেক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদরাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
নূর আলম গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের বাসিন্দা। তিনি টংগিবাড়ীর একটি মসজিদে প্রায় ১৮ মাস ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ছয় বছর বয়সী এক শিশুকে ধর্মীয় শিক্ষা দিতে শিশুটির বাড়িতে যাতায়াত করতেন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই শিশুর মায়ের সঙ্গে নূর আলমের ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, এ সময় তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন তিনি। বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং এলাকা ছাড়তে বাধ্য করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এরপর ওই গৃহবধূকে দেখা করার জন্য চাপ দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে হুমকি দেন নূর আলম। একপর্যায়ে তাঁর ধারণ করা একটি ভিডিও গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে পাঠান। দেখা না করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, এ বিষয়ে তথ্য পাওয়ার পর রোববার বিকেল ৪টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান শুরু করে। পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর আলম অভিযোগের বিষয়গুলো স্বীকার করেছেন। তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক। এ ঘটনায় টংগিবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছে পুলিশ।



















