‘মানুষের কাছে ফিরে এসেছি’: চিকিৎসা শেষে সংসদে আবেগঘন প্রত্যাবর্তন মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দীর্ঘ প্রায় পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে জাতীয় সংসদে ফিরে আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপির নেতা, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেছেন, “আমি মানুষের কাছে ফিরে এসেছি, তাদের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে।”
বৃহস্পতিবার জাতীয় সংসদে ফিরে তিনি সহকর্মী সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জীবনের বাকি সময় দেশ ও মানুষের সেবায় কাজ করার জন্য সবার কাছে দোয়া চান।
বিকেল ৩টা ৫০ মিনিটে হুইলচেয়ারে করে সংসদ কক্ষে প্রবেশ করেন মির্জা আব্বাস। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে স্বাগত জানান। উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানান।
হুইলচেয়ারে থাকায় সামনের সারিতে নির্ধারিত আসনে বসতে না পারায় তাকে সংসদ কক্ষের পাশের একটি স্থানে বসার ব্যবস্থা করা হয়।
আসর নামাজের পর বেসরকারি সদস্যদের প্রস্তাব নিয়ে আলোচনার সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল মির্জা আব্বাসকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমানের মাইক্রোফোন ব্যবহার করে তিনি বক্তব্য শুরু করেন।
মির্জা আব্বাস বলেন, “প্রায় দুই দশক পর আবার সংসদ সদস্য হিসেবে এই পবিত্র কক্ষে কথা বলার সুযোগ পেয়েছি। এর চেয়ে বড় আনন্দ ও গর্বের কিছু হতে পারে না।”
তিনি তার অসুস্থতার সময় খোঁজখবর নেওয়ার জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজের সুস্থতা ও শক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, যেন তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে তার নির্বাচনী এলাকার মানুষ এবং দেশের সেবা করে যেতে পারেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা
প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাস এর আগে ১৯৯১ ও ২০০১ সালে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বও পালন করেছেন।
গত ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন মির্জা আব্বাস। একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। পরে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।
তবে সংসদের প্রথম অধিবেশনের আগের দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। গত ১১ মার্চ ইফতারের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। দুই দিন পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। এরপর গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপি ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।
প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে বুধবার দেশে ফেরেন মির্জা আব্বাস। পরদিন জাতীয় সংসদে উপস্থিত হয়ে দীর্ঘদিন পর আবারও সংসদে বক্তব্য দেন তিনি। তাঁর এই প্রত্যাবর্তন সংসদে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।



