মিয়ানমারের স্থল নিম্নচাপের প্রভাব, চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সংকেত
দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা; মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীর সাগরে না যাওয়ার পরামর্শ

উত্তর আন্দামান সাগর ও মিয়ানমারের কাছে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার সকালে এটি পূর্বমধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়তে পারে। তবে এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।











