গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন, কাজ করছে ৩ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার হারবাল বিভাগে আগুনের সূত্রপাত হয় বলে কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
কারখানার এক শ্রমিকের ভাষ্য, আগুন লাগার পর শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আসেন। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় আগুন লাগে।
















