১ জানুয়ারি চালু হচ্ছে এনইআইআর, প্রথম ধাপে বন্ধ হবে না সব ক্লোন ফোন

১ জানুয়ারি চালু হচ্ছে এনইআইআর, প্রথম ধাপে বন্ধ হবে না সব ক্লোন ফোন


অবৈধ ও চুরি হওয়া মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণে আগামী ১ জানুয়ারি থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে একই আইএমইআই নম্বর ব্যবহার করে পরিচালিত সব ক্লোন ফোন প্রথম ধাপেই বন্ধ করা সম্ভব হবে না বলে জানিয়েছে কমিশন।

বিটিআরসির সাম্প্রতিক কমিশন সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০২১ সালে পরীক্ষামূলকভাবে এনইআইআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে ব্যবস্থাটি কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

প্রথম ধাপে অবৈধ হ্যান্ডসেট শনাক্ত করা এবং সেগুলোর ব্যবহার ও কেনাবেচা নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হবে। কমিশনের সভার কার্যবিবরণী অনুযায়ী, অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ক্লোন হ্যান্ডসেট পুরোপুরি বন্ধ করতে এই পর্যায়ে সীমাবদ্ধতা থাকবে।

পরবর্তী ধাপে মোবাইল ফোনের নিবন্ধন বাতিল বা ডি-রেজিস্ট্রেশন সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ফোনের প্রকৃত মালিক শনাক্ত করা এবং মালিকানা পরিবর্তনের তথ্য হালনাগাদ করা সহজ হবে বলে আশা করছে বিটিআরসি। তবে দ্বিতীয় ধাপ বাস্তবায়নের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে মোবাইল নেটওয়ার্কে সচল হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে এনইআইআরে অন্তর্ভুক্ত হয়েছে। আমদানিকারকদের কাছে থাকা অবিক্রীত ফোনের আইএমইআই নম্বরসহ প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

নতুন ব্যবস্থা কার্যকর করার আগে গ্রাহক ও ব্যবসায়ীদের সচেতন করতে অন্তত দুই মাস প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে কমিশনের।

প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ গণমাধ্যমকে বলেছেন, অবৈধ মোবাইল ফোনের ব্যবহার বন্ধে সরকার কাজ করছে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে তাড়াহুড়া করা হবে না। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এমন সমাধান খোঁজা হবে, যাতে আগের উদ্যোগের মতো এবারও ব্যর্থতার মুখে পড়তে না হয়।

তিনি আরও বলেন, এনইআইআর বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসায়ী, উদ্যোক্তা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), সরকার ও গ্রাহকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বার্থ বিবেচনায় নেওয়া হচ্ছে।


Leave a Comment