হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যোগ দেওয়ার সুযোগ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যোগ দেওয়ার সুযোগ
Connected Video Meeting Experience

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও এবার ভয়েস ও ভিডিও কলে যুক্ত হতে পারবেন ব্যবহারকারীরা। নতুন ‘গেস্ট কলিং’ ফিচার চালু করেছে মেসেজিং প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে লিংক শেয়ার করে অ্যাকাউন্টবিহীন ব্যক্তিদেরও ব্যক্তিগত ও গ্রুপ কলে আমন্ত্রণ জানানো যাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারে অতিথিরা কম্পিউটারের ব্রাউজার থেকে শেয়ার করা লিংকে প্রবেশ করে নিজের নাম লিখে কলে যোগ দেওয়ার অনুরোধ জানাতে পারবেন। তবে হোস্ট অনুমতি দেওয়ার পরই তারা কলে অংশ নিতে পারবেন।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গেস্ট কল বিনা মূল্যে করা যাবে। এসব কলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা থাকবে এবং সময়সীমাও নির্ধারিত থাকবে না। গ্রুপ কলে একসঙ্গে সর্বোচ্চ ৩২ জন অংশ নিতে পারবেন।

অতিথিদের গোপনীয়তা ও কলের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি নিয়ন্ত্রণব্যবস্থাও রাখা হয়েছে। হোস্টের অনুমতি না পাওয়া পর্যন্ত অতিথিরা ভার্চুয়াল ওয়েটিং রুমে থাকবেন। হোস্ট চাইলে যেকোনো সময় কোনো অংশগ্রহণকারীকে কল থেকে সরিয়ে দিতে পারবেন। অতিথিরা অন্য অংশগ্রহণকারীদের ফোন নম্বর দেখতে পারবেন না। এ ছাড়া হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো কিংবা সরাসরি অন্য কাউকে কলে যুক্ত করার সুযোগও তাদের থাকবে না।

গেস্ট কল তৈরি করতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাপের ‘কলস’ ট্যাবে গিয়ে প্লাস আইকনে চাপ দিতে হবে। এরপর কল লিংক তৈরি করে আমন্ত্রিত ব্যক্তিদের সঙ্গে শেয়ার করা যাবে। তবে কল লিংক তৈরি করতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

নতুন ফিচারে স্ক্রিন শেয়ারিং, রিঅ্যাকশন এবং কথা বলার জন্য হাত তোলার সুবিধাও রয়েছে। ফলে অনলাইন মিটিং, ভার্চুয়াল ক্লাস ও দলগত কাজের ক্ষেত্রে ফিচারটি কাজে আসতে পারে।

এ ছাড়া চলতি বছরের শেষ দিকে গুগল ক্যালেন্ডার ও মাইক্রোসফট আউটলুকের সঙ্গে সংযোগ সুবিধা চালুর পরিকল্পনার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ক্যালেন্ডার থেকে সরাসরি কল লিংক তৈরি করে আমন্ত্রণ পাঠানো যাবে। এ সুবিধা ব্যবহারে হোয়াটসঅ্যাপ প্লাগইন ইনস্টল ও অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে। তবে আমন্ত্রিত ব্যক্তিরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, কলে যোগ দিতে পারবেন।


Leave a Comment