বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যা বললেন হুমায়ুন কবির

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সফরে ৩০টি আন্তর্জাতিক কর্মসূচি ও বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের তথ্য তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যা বললেন হুমায়ুন কবির
 যুক্তরাষ্ট্রে চার দিনের সফর শেষে আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশা বিশ্বপরিসরে তুলে ধরা হয়েছে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

হুমায়ুন কবির বলেন, বিভিন্ন সভা ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়া অতিথিরা বাংলাদেশের “নতুন গণতান্ত্রিক অভিযাত্রার” প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও আত্মমর্যাদা তুলে ধরেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ছিল সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ, সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য, ১১টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিনি কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এ ছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে জানান হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top