ডেঙ্গুতে মৃত্যু আরও ৭ জন, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৫৯৩

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন করে মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। তাঁদের মধ্যে দুজনের বয়স ৩৬ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়া ২১-২৫, ৩১-৩৫, ৫১-৫৫, ৫৬-৬০ এবং ৭১-৭৫ বছর বয়সী একজন করে মারা গেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪ জন পুরুষ এবং ৫৮৯ জন নারী। তাঁদের মধ্যে ২১-২৫ বছর বয়সী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি—২৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে। এ হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য ধরা হয়নি। এরপর খুলনা বিভাগে ২৯০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১, চট্টগ্রাম বিভাগে ১৬৫, বরিশালে ১৫৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২, রাজশাহীতে ১৩৭, ময়মনসিংহে ৮২, রংপুরে ৬৫ এবং সিলেটে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে মোট ৫৫ হাজার ১৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৪ হাজার ৩১১ জন বা ৬২ দশমিক ৫ শতাংশ এবং নারী ২০ হাজার ৬১১ জন বা ৩৭ দশমিক ৫ শতাংশ।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ হাজার ৯৪১ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৬৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৫৮ জন ডেঙ্গু রোগী।
সেপ্টেম্বরে বাড়ছে সংক্রমণ
মাসভিত্তিক পরিসংখ্যানে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর হার সাম্প্রতিক সময়ে বেড়েছে। আগস্টে ২০ হাজার ৫৩৬ জন আক্রান্ত হন এবং মারা যান ৪৩ জন। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩১৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৭ জনের।
চলতি বছরে এখন পর্যন্ত ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেশন বাদে) হাসপাতালগুলোতে ৯ হাজার ১১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে এ সংখ্যা ৮ হাজার ৯৬৩, চট্টগ্রামে ৭ হাজার ৯২৯ এবং বরিশালে ৭ হাজার ৮৬৮ জন।
সিটি করপোরেশনগুলোর মধ্যে ঢাকা দক্ষিণে এ পর্যন্ত ৬ হাজার ৭০১ জন এবং ঢাকা উত্তরে ৬ হাজার ৩৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যায়ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এগিয়ে—সেখানকার হাসপাতাল গুলোতে এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর (DGHS), হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।



