ভবিষ্যতের এআই কে মানুষের নিয়ন্ত্রণে রাখতে আচরণবিধির খসড়া মাইক্রোসফটের

প্রযুক্তি ডেস্ক: ভবিষ্যতে আরও সক্ষম হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো যাতে মানুষের কার্যকর নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সে লক্ষ্যেই একটি আচরণবিধির খসড়া প্রকাশ করেছে মাইক্রোসফট।
প্রস্তাবিত এই কাঠামোয় বলা হয়েছে, মাইক্রোসফটের এআই মডেলগুলোকে মানুষের সংশোধন, হস্তক্ষেপ, বিরতি দেওয়া বা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত প্রতিরোধ করা যাবে না। পাশাপাশি মডেলগুলোর কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং মানুষের নির্ধারিত সীমার মধ্যে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
মাইক্রোসফট এআইয়ের প্রধান মুস্তাফা সুলেমান নথিটিকে কোম্পানির এআই বিভাগের ভবিষ্যৎ মডেল উন্নয়নের জন্য একটি শাসন কাঠামো হিসেবে বর্ণনা করেছেন। খসড়াটি নিয়ে ছয় সপ্তাহ ধরে জনসাধারণের মতামত নেওয়ার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। এরপর মতামতের ভিত্তিতে নথিটি সংশোধন করা হবে।
মাইক্রোসফটের ‘হিউম্যানিস্ট এআই’ ধারণাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে প্রস্তাবিত আচরণবিধি। এই ধারণায় এআইকে মানুষের অধীনস্থ প্রযুক্তি হিসেবে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে এআই নিজস্ব লক্ষ্য বাড়াতে, বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত প্রতিরোধ করতে বা মানুষের নির্দেশ অগ্রাহ্য করতে না পারে।
খসড়ায় এআই মডেলকে সচেতন সত্তা হিসেবে বিবেচনা না করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে মডেলগুলো যেন আইনি ব্যক্তিসত্তা বা অধিকার দাবি না করে, সে বিষয়েও অবস্থান তুলে ধরা হয়েছে।
এতে মাইক্রোসফট, এআই মোতায়েনকারী প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত ব্যবহারকারীর নির্দেশের মধ্যে একটি অগ্রাধিকার কাঠামোর কথাও উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন পক্ষের নির্দেশের ক্ষেত্রে এআই মডেল কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তার একটি কাঠামো নির্ধারণের চেষ্টা করা হয়েছে।
ক্রমবর্ধমান স্বায়ত্তশাসনসম্পন্ন এআই সিস্টেমের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে প্রযুক্তি খাতে আলোচনা বাড়ার মধ্যেই মাইক্রোসফটের এই উদ্যোগ সামনে এসেছে। সুলেমান রয়টার্সকে বলেছেন, এআই এজেন্টকে ঘিরে সাম্প্রতিক কিছু ঘটনা উন্নত এআই তৈরি করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
মাইক্রোসফট জানিয়েছে, নথিটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে এবং বর্তমানে এটি এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছে না। জনমত গ্রহণের পর সংশোধিত সংস্করণটি ২০২৭ সাল থেকে ভবিষ্যৎ মডেল উন্নয়নের নির্দেশনা হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
সূত্র: রয়টার্স, মাইক্রোসফট



